আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সব কেন্দ্র ঢাকা থেকে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। সেখান থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা সরাসরি দেখা যাবে।

তিনি আরও বলেন, কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ কমবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা শেষ হবে। পরীক্ষা না থাকা দিনগুলোতে প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বছর ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। মোট ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন, ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

এবার মোট কেন্দ্র ২ হাজার ৬৯৭টি এবং অংশ নেওয়া প্রতিষ্ঠান ৯ হাজার ৪৩৯টি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে।