বন পাহারা দলের সদস্যদের ‘সম্মানজনক’ ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে রাজধানীতে আয়োজিত একটি বিশেষ আলোচনা সভায়।

বুধবার (২৩ মার্চ) ‘সহ-ব্যবস্থাপনা দিবস’ উপলক্ষে আরণ্যক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় বক্তারা এই সুপারিশ করেন।

এর আগে বন বিভাগের সঙ্গে যৌথভাবে বন পাহারা দিতে গিয়ে ২০০৮ সালের ২৩ মার্চ টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য কমিউনিটি পাহারা দলের সদস্য রফিকুল ইসলাম অবৈধ কাঠ চোরদের ছুরিকাঘাতে নিহত হন। এছাড়াও, সহ-ব্যবস্থাপনা কমিটির আরও পাঁচজন সদস্য বিভিন্ন সময়ে বন সংরক্ষণ করতে গিয়ে নিহত হয়েছেন।

বন বিভাগ রফিকুল আলমের মৃত্যুর দিনকে (২৩ মার্চ) ‘সহ-ব্যবস্থাপনা দিবস’ হিসেবে পালন করে থাকে।

আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা (বন ব্যবস্থাপনা) ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বন বিভাগের উপ-প্রধান বন সংরক্ষক (বন ব্যবস্থাপনা ইউনিট) মো. জাহিদুল কবির।

আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুলের সঞ্চালনায় সভায় প্রতিবেশ প্রকল্পের পক্ষ থেকে আজাহার মজুমদার ও ড. মদিনুল আহসান, সুফল প্রকল্পের কনসালট্যান্ট রুহুল মোহাইমান ও কম্পাস প্রকল্পের শামস উদ্দিন অংশগ্রহণ করেন।

তাছাড়া মৎস্য অধিদপ্তরের ঢাকা জেলা কর্মকর্তা ও প্রতিবেশ প্রকল্পের ফোকাল পয়েন্ট, আইসিসিএডি, কোডেক, নেকম, সিএনআরএসের প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা এবং লাউড়াছড়া, সাতছড়ি, কয়রা, হিমছড়ি, ইনানী, ফাসিয়াখালী সিএমসির সভাপতি, ট্রেজারারসহ ২৭ জন প্রতিনিধি অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেন।

সভায় রুহুল মোহাইমান, ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সহ-ব্যবস্থাপনা পদ্ধতির বিভিন্ন কর্মকাণ্ড, শিখন, বিধি, উপ-বিধি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।