বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন আর্লিং হালান্ড। তার গোলেই আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে নরওয়ে। সেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচের আগে হালান্ডকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিল তারকা রদ্রিগো।

মঙ্গলবার (৩০ জুন) রাতে রাউন্ড অব ৩২-এ হালান্ডের গোলে জয় পায় নরওয়ে। এরপর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন হালান্ড।

সেই পোস্টের কমেন্টে রদ্রিগো লেখেন, “তুমি অনেক পরিশ্রম করেছো। রোববার একটা ব্রেক নাও।”

আগামী রোববার (৬ জুলাই) দিবাগত রাত ২টায় ব্রাজিলের বিপক্ষে খেলবে নরওয়ে। সেই ম্যাচেই হালান্ডকে মাঠের বাইরে থাকতে বললেন রদ্রিগো।

ইনজুরির কারণে এবারের বিশ্বকাপ দলে নেই রদ্রিগো। না হলে নরওয়ে ম্যাচের স্কোয়াডে থাকতেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। দলে না থাকলেও বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে আছেন তিনি।

উল্লেখ্য, নকআউটের প্রথম রাউন্ডে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে গেছে ব্রাজিল। একই ব্যবধানে আইভরি কোস্টকে হারিয়ে সেলেসাওদের মুখোমুখি হচ্ছে নরওয়ে।