প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে। নতুন উপজেলাগুলো হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ ও ময়মনসিংহের ‘পাগলা’। আর নতুন থানা হচ্ছে চট্টগ্রামের ‘হালদা’।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, নিকারের বৈঠকে এসব উপজেলা ও থানার পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও হয়েছে।

নিকারের প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠিত হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলা ভেঙে হবে ‘বাঙ্গরা’ উপজেলা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে হবে ‘পাগলা’ উপজেলা।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা ভেঙে ‘হালদা থানা’ গঠন করা হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।