দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি চিকিৎসা সেবা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘দেশের ৮০-৯০ ভাগ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানীকেন্দ্রিক। তাহলে প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে?’

তার মতে, সঠিক পরিকল্পনা নিলে সিসিইউর পরিসর বাড়ানো সম্ভব।

বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিগত বছরগুলোর অবহেলায় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের অবস্থা খারাপ। সিসিইউ না থাকায় অনেক প্রান্তিক মানুষ মারা যাচ্ছেন। সদর হাসপাতালগুলোতে এ ইউনিট চালু হলে গুরুতর রোগীর মৃত্যু কমানো যাবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তায় সরকার সব ধরনের চেষ্টা করছে। চিকিৎসকদের নিরাপত্তায় এ মাস থেকেই হাসপাতালে আনসার নিয়োগ শুরু হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫৬ বছরের ইতিহাসে এবার স্বাস্থ্যখাত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

কনফারেন্সে বক্তারা চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান।