মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে করা চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ বৈঠকে বসছেন।

বুধবার এ আলোচনার বিষয়ে জানেন এমন এক কূটনীতিক এএফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

ওই কূটনীতিক বলেন, “লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা হবে।”

তিনি জানান, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় থাকছেন না। তবে মঙ্গলবার তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠানোর কথা জানিয়েছিল।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তির সময়সীমা রয়েছে।

ইরানি কর্মকর্তাদের বুধবার দোহা সফরের কথা থাকলেও সরাসরি আলোচনা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে কোনো স্তরেই মার্কিন পক্ষের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুশনার ও উইটকফ মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা নিয়ে কথা বলেছেন। এ ছাড়া লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

সূত্র: এএফপি।