মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর। আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে যাত্রীর চাপ সামলাতে ধাপে ধাপে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনাও করছে কর্তৃপক্ষ।
এমআরটি লাইন-৬ এর তৃতীয় ধাপে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। ডিএমটিসিএল জানায়, বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যালসহ কারিগরি কাজ দ্রুত এগোচ্ছে। ইতোমধ্যে বর্ধিত অংশের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক চলাচল শুরু হবে।
এদিকে গত ৭ জুন রাতে ২০ মিনিট সেবা বাড়ানোর পর দৈনিক প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ১০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করছেন। কোনো কোনো দিন সংখ্যাটা ৪ লাখ ২৫ হাজার ছাড়াচ্ছে। আগে দৈনিক যাত্রী ছিল প্রায় ৪ লাখ।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, রাতে চলাচল বন্ধের পর মূল রক্ষণাবেক্ষণ শুরু হয়। ট্রেন ডিপোতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং ভোরে দুই ঘণ্টার ট্রায়াল রান করতে হয়। তাই রাতারাতি সময় বাড়ানো সম্ভব নয়। তবে যাত্রী বাড়ায় ধাপে ধাপে সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কমলাপুর স্টেশন পুরোপুরি চালু হলে সেবার পরিধি আরও বাড়বে। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন চলছে। ভবিষ্যতে সময় বাড়লে একযোগে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএলের।