জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, রাজস্ব আদায় একটি বড় চ্যালেঞ্জ। তবে সবাইকে নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবো।
আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে এনবিআরের বিদায়ী চেয়ারম্যান ও নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে অর্থ বিভাগের কর্মকতাদের মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আশবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যেকেই তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশের উন্নতি হবে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
এসময় বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘রাজস্ব আদায় চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয়। ’
উল্লেখ্য, এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে কর প্রশাসনের কর্মকর্তা আহসান হাবিবকে এনবিআরের নতুন ভারপ্রপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।