বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি নিয়ে টানাপোড়েন থামছেই না। এবার বড় ধাক্কা দিলেন মূল পরিচালক প্রিয়দর্শন। তিনি নিশ্চিত করেছেন, ‘হেরা ফেরি ৩’-এর সঙ্গে আর যুক্ত নেই।
সম্প্রতি প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এক সাক্ষাৎকারে প্রিয়দর্শনের সরে যাওয়ার কথা জানান। এরপর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, ফিরোজ যা বলেছেন তা শতভাগ সত্যি। বর্তমানে এই সিনেমার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তবে সবচেয়ে বড় শঙ্কার কথা শুনিয়েছেন এই নির্মাতা। তাঁর মতে, তিনি থাকা বা না থাকা বড় বিষয় নয়। আইনি জটিলতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ‘হেরা ফেরি ৩’ হয়তো আর কখনোই মুক্তি পাবে না।
চলতি বছরের শুরুতেই শুটিং শুরুর কথা ছিল। কিন্তু সিনেমা ও মিউজিক রাইটস নিয়ে বড় আইনি ঝামেলা তৈরি হওয়ায় কাজ বারবার পিছিয়েছে। কিছুদিন আগে টি-সিরিজের প্রধান ভূষণ কুমার প্রকাশ্যে দাবি করেন, সিনেমার মিউজিক রাইটস তাঁর। এ ছাড়া ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল’ নামের এক প্রযোজনা সংস্থা ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে আদালতে গেছে। তাদের দাবি, ফিরোজের অধিকার শুধু মালয়ালাম মূল সিনেমা ‘রামজি রাও স্পিকিং’-এর হিন্দি রিমেক করার মধ্যেই সীমাবদ্ধ, ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর আইনি অধিকার তাঁর নেই।
আইনি লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত দ্বন্দ্বেও জর্জরিত প্রজেক্টটি। গত বছর পরেশ রাওয়াল সরে দাঁড়ালে অক্ষয় কুমার তাঁর বিরুদ্ধে ২৫ কোটি রুপির মানহানির মামলা করেন। যদিও পরে বিষয়টি মিটমাট হয়।
২০০০ সালে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের রসায়ন নিয়ে শুরু হয়েছিল ‘হেরা ফেরি’। সিক্যুয়েল আসে ২০০৬ সালে। তবে বর্তমান জটিল পরিস্থিতিতে রাজু, শ্যাম আর বাবুরাওয়ের ম্যাজিক বড় পর্দায় ফেরার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি