দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য থাকাকালে কোনো সরকারি সুবিধা পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্যও ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গেছি। এটুকুই। অন্য কিছু প্রাপ্তি হয়নি।

তিনি বিরোধীদলীয় নেতার বাজেট-বিষয়ক বক্তব্যের প্রশংসা করে বলেন, তিনি প্রায় এক ঘণ্টা বক্তব্যে দেশের বিভিন্ন সমস্যা ও বাজেটের নানা দিক তুলে ধরেছেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই চেয়ারে বসার কারণে নিজের জন্মভূমি, নির্বাচনি এলাকা ভোলার সমস্যাগুলো এখানে বলতে পারি না। তিনি সেগুলো জাতির সামনে তুলে ধরেছেন। আশা করি, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনায় নেবেন।