সিনেমা নির্মাণে আয়োজনের কমতি রাখেন না দক্ষিণ ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলি। ‘বাহুবলী’ থেকে ‘আরআরআর’ কিংবা চলমান ‘বারাণসী’, প্রতিটি ছবিতেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। অনেক দিন ধরেই ধাপে ধাপে চলছে মহাকাব্যিক ছবি ‘বারাণসী’র কাজ। এবার সামনে এলো চমকপ্রদ খবর। ছবির একটি দৃশ্যে নায়কের সঙ্গে থাকবেন সাড়ে তিন হাজার শিল্পী!

মিড ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে একটি যুদ্ধের দৃশ্যের প্রস্তুতি নিচ্ছে ‘বারাণসী’ টিম। এতে ছবির নায়ক মহেশ বাবুর সঙ্গে থাকবেন প্রায় ৩ হাজার ৫০০ জন জুনিয়র শিল্পী। এমন বিশাল পরিসরে রাজামৌলিও আগে কোনো কাজ করেননি। তাই দৃশ্যটি নিয়ে পুরো টিম উচ্ছ্বসিত। ৭ জুলাই থেকে হায়দরাবাদে এই শুটিং শুরু হবে। চলবে কয়েক দিন।

খবরটি জানিয়েছেন রাজামৌলি নিজেই। ২৭ জুন তিনি প্যারিসের ‘লা সিনেমাথিক ফ্র্যাঞ্চাইজ’-এ অংশ নেন। সেখানে ‘বারাণসী’র এক ঝলক দেখানো হয়। সেটা দেখে মুগ্ধ হন উপস্থিত সবাই। আলাপের ফাঁকেই নতুন দৃশ্যায়নের খবর দেন এই নির্মাতা।

রাজামৌলি জানান, বাস্তবে যত বড় পরিসরে কাজটি হচ্ছে, তার চেয়েও বড় পরিসরে কাজ চলছে ভিএফএক্সে। প্রযুক্তির মাধ্যমে ৫০ হাজার বানরের বাহিনী বানানো হবে ছবির জন্য। ফলে যুদ্ধের দৃশ্যটি মহাকাব্যিক হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

বিশাল বাজেটে পৌরাণিক অ্যাকশন ছবিটি বানাচ্ছেন রাজামৌলি। এতে মহেশ বাবুর সঙ্গে আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকা। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।