মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজের মামলা লড়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুন, নিজের মামলা নিজে লড়ুন। তাঁর দেশে ফেরার কথা ‘স্টান্টবাজি’। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।
এ সময় ট্রাইব্যুনালের বিচারকাজ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ছাড়া শাজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। যাচাই-বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ হিসেবে তা দাখিল করা হবে।