দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আবার চালু হওয়ায় দেশে লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় গতকাল কিছু এলাকায় লোডশেডিং করতে হয়েছিল।

মন্ত্রী জানান, আজ বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট হয়েছে। বর্তমানে চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে এখন লোডশেডিং মাত্র ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

তিনি বলেন, বাকি ঘাটতিও দ্রুত কমিয়ে আনার কাজ চলছে। কিছু এলাকায় এখনও সীমিত লোডশেডিং থাকতে পারে, তবে তা পুরোপুরি বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, গতকালের পরিস্থিতি কিছুটা কঠিন ছিল। তবে আজ অবস্থার উন্নতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রসঙ্গত, গতকাল রাতে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বিদ্যুৎ মন্ত্রী জানান, কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাসে সমস্যা হয়। এতে একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ করতে হয়। অন্যদিকে সাগর উত্তাল থাকায় আরেকটি কয়লাভিত্তিক কেন্দ্রে কয়লা খালাস করা যায়নি। ফলে ওই কেন্দ্রের একটি ইউনিটও বন্ধ হয়ে যায়।