বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলা একাডেমির সম্মানিত ফেলো চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলা একাডেমি।
সোমবার (২৯ জুন) একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এক শোকবার্তায় এই সমবেদনা জানান।
শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, মুস্তাফা মনোয়ার চিত্রকলায় যেমন নিজস্বতার ছাপ রেখেছেন, তেমনি পাপেটশিল্পের মাধ্যমে কয়েক প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে শিক্ষামূলক বিনোদন পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সৃজনশীল বিকাশে তাঁর অবদান অবিস্মরণীয়। দীর্ঘ সময় ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে তিনি তাঁর উদ্ভাবনী শক্তি, মেধা ও শ্রমনিষ্ঠ সাধনায় সমৃদ্ধ করে গেছেন।
এর আগে নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছর বয়সী এই গুণী শিল্পী। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০০৪ সালে তাঁকে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ দেওয়া হয়।