সায়েদাবাদ বাসস্ট্যান্ডের ভেতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা টি আর ট্রাভেলসের একটি পরিত্যক্ত বাস অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাসটি টার্মিনালের স্বাভাবিক কাজে বাধা দিচ্ছিল বলে জানিয়েছে ডিএসসিসি।
সোমবার (২৯ জুন) জনস্বার্থে সড়ক ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং বাসস্ট্যান্ডের কার্যক্রম সচল রাখতে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বাসস্ট্যান্ডের ভেতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা টি আর ট্রাভেলসের বাসটি সরানো হয়। এছাড়া বাসস্ট্যান্ডের ভেতরে নিয়মিত যানবাহন রেখে মেরামতের কাজ করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখতে এবং নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।