সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে এবং শনাক্ত রোগী বেড়ে হয়েছে ৫ হাজার ৯২৪ জন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ৮ জন রয়েছেন। এরা সবাই সিটি করপোরেশনের বাইরের এলাকার রোগী, শুধু ডিএনসিসি ও ডিএসসিসি ছাড়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, ডিএনসিসিতে একজন, ডিএসসিসিতে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০০ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্তদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪৫৫ জন।