দেশের অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন, প্রবাসী বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
রবিবার (২৮ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ৩২৮ ধারার উপধারা (৪)-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত ব্যতিক্রম বাদে সব ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল www.etaxnbr.gov.bd ব্যবহার করে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
বিশেষ আদেশে উল্লেখ করা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা – উপযুক্ত সনদ জমা দিয়ে, বিদেশে থাকা বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এই বাধ্যবাধকতার আওতায় পড়বেন না।
তবে এই শ্রেণির করদাতারা চাইলে নিজ ইচ্ছায় অনলাইনে রিটার্ন দিতে পারবেন।
এনবিআরের আদেশে আরও বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি জটিলতার কারণে কোনো বাধ্যতামূলক করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে তিনি নির্দিষ্ট কারণ দেখিয়ে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন।
অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে ওই করদাতা কাগজে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
এনবিআর জানিয়েছে, ডিজিটাল করব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সহজ করতে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। এতে করদাতারা ঘরে বসেই দ্রুত ও নিরাপদে রিটার্ন জমা দিতে পারবেন এবং কর প্রশাসনের কাজে গতি আসবে।
এই বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানানোর নির্দেশ দিয়েছে এনবিআর।