রোববার রাতে দেশে ভূমিকম্প নিয়ে বিভ্রান্তি ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে। নরসিংদীতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর প্রকাশিত হলেও পরে জানা যায়, আজ নরসিংদীতে কোনো ভূমিকম্প হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানায়, রোববার (২৮ জুন) রাত ৯টা ২৮ মিনিটে দেশে কম্পন অনুভূত হয়েছে। তবে ইউএসজিএস ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) ওয়েবসাইটে আজ বাংলাদেশে ভূমিকম্পের কোনো তথ্য পাওয়া যায়নি। ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, ছয়দিন আগে ২২ জুন নরসিংদীতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ধারণা করা হচ্ছে, পুরোনো সেই তথ্যের ভিত্তিতেই আজকের খবর প্রকাশ করেছে কিছু গণমাধ্যম। ফেসবুকে অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা আজ কোনো কম্পন টের পাননি। খবর প্রকাশের পর কয়েকটি গণমাধ্যম ওয়েবসাইট থেকে সেই সংবাদ সরিয়ে নেয়।

অন্যদিকে, রোববার রাত ৯টা ৫৩ মিনিটে কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়, ২১.৫৭° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৯° পূর্ব দ্রাঘিমাংশে। আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভলকানো ডিসকভারির ওয়েবসাইটেও আজ মিয়ানমার সীমান্তে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের তথ্য রয়েছে, যা এখন পর্যন্ত মাত্র তিনজন অনুভব করেছেন বলে রিপোর্ট করেছেন।