দেশে বর্তমানে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৮ জুন) রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ৬ থেকে ৫৯ মাসের ২ কোটি ৫৫ লাখ শিশুকে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, ক্যাম্পেইনে কোনো শিশু আজ ক্যাপসুল না খেতে পারলে পরবর্তী দিন নির্দিষ্ট কেন্দ্রে দেওয়া হবে।
এ সময় জন্মের পর থেকে অন্তত ছয় মাস পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানোর অনুরোধ করেন মন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে ছড়িয়েছিল। ভিটামিন ‘এ’ ক্যাপসুলেরও কোনো মজুত ছিল না।
এবার হামের টিকার শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ বাদ পড়লে এখনো খুঁজে দেওয়া হচ্ছে। হামের টিকার মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অত্যন্ত উন্নত মানের টিকা দেওয়া হয়েছে।