শেষ মুহূর্তের নাটকীয়তায় আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ ৩-৩ গোলে ড্র। আর এই ড্রয়েই কপাল পুড়ল ইরানের। বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারা।

নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় ছিল অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচ। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। তখন মনে হচ্ছিল অস্ট্রিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ।

কিন্তু নাটক তখনও বাকি। ম্যাচের একেবারে শেষ আক্রমণে হেডে গোল করে অস্ট্রিয়াকে ৩-৩ সমতা এনে দেন সাসা কালাইদজিচ। শেষ মুহূর্তের সেই গোলেই টিকে যায় অস্ট্রিয়ার নকআউট স্বপ্ন।

অস্ট্রিয়ার হয়ে বাকি দুটি গোল করেন মার্কো আরনাউটোভিচ ও মার্সেল সাবিৎজার। আলজেরিয়ার হয়ে আরেকটি গোল করেন রফিক বেলঘালি।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জে’তে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পর দ্বিতীয় হয়ে ১৯৮২ সালের পর প্রথমবার নকআউটে উঠল অস্ট্রিয়া। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ স্পেন। গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে নকআউট নিশ্চিত করেছে আলজেরিয়া। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

বিদায় ইরানের

আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের ফলের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে ইরানকে। অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া—যে কোনো একটি দল জিতলেই সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠত ইরান। কিন্তু কালাইদজিচের শেষ মুহূর্তের গোল সেই সম্ভাবনা শেষ করে দেয়।

গ্রুপ ‘জি’তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের বিপক্ষে তিনটি ড্র করে ৩ পয়েন্ট পেয়েছিল ইরান। নানা সমীকরণ মিললে নকআউটের আশা ছিল। তবে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো তাদের।