মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ৫২ বছর কাটানোর পর নতুন ঠিকানায় যাচ্ছেন সালমান খান। বান্দ্রার ছিম্বাই এলাকায় সমুদ্রের পাশে ৬ তলা আবাসিক ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন পেয়েছেন তিনি।
মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (এমসিজেএমএ) গত ১৬ জুন এই অনুমোদন দেয়। তবে শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট পুরোপুরি ছাড়বেন কি না, খান পরিবার থেকে এখনো কিছু জানানো হয়নি।
নতুন ভবনটি হবে মা সালমা খানের নামে থাকা জমিতে। সেখানে ১৯৫৬ সালের আগের একটি দোতলা বাড়ি ছিল, যা জরাজীর্ণ হওয়ায় ভেঙে ফেলা হয়েছে। নতুন নকশায় থাকবে নিচতলা, স্টিল্ট পার্কিং ও ওপরে ছয়টি তলা। প্রায় ১,০১৪ বর্গমিটারের এই প্রকল্প নির্মাণ করবে ‘সাচ ডেভেলপার্স’। পরিবেশগত শর্তে পুরোনো গাছ কাটা যাবে না।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিষ্ণোই গ্যাংয়ের গুলিবর্ষণের পর সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। বর্তমানে তিনি Y+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। ধারণা করা হচ্ছে, প্রধান সড়ক থেকে দূরে নিরিবিলি এলাকায় নতুন বাড়িটি তাকে আরও বেশি গোপনীয়তা ও নিরাপত্তা দেবে।
১৯৭৪ সাল থেকে গ্যালাক্সিতে থাকা সালমানের নতুন ঠিকানার খবর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি