বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেকের জন্য ১ হাজার টাকা করে কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন।
তার দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপচয় কমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
শাহাদাত হোসেন বলেন, “বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে বিত্তবৈভবের অশালীন প্রদর্শন বাড়ছে। এসব আয়োজনে অপ্রয়োজনীয়ভাবে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যার বড় অংশই অপচয়।”
তিনি বলেন, “গায়েহলুদের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। বিয়েতে নাচ-গান, জাঁকজমক আর বিপুল অতিথির জন্য খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু অর্ধেকের বেশি খাবার শেষ পর্যন্ত নষ্ট হয়।”
অপচয় ঠেকাতে আগের অতিথি নিয়ন্ত্রণ আইনের মতো ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, “আগে ১০০ জনের বেশি অতিথি হলে কর দিতে হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের বেশি প্রতিটি অতিরিক্ত অতিথির জন্য সরকার ১ হাজার টাকা করে কর নিক।”
বিএনপির এই সংসদ সদস্যের মতে, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় এবং খাদ্যের অপচয় কমলে বাজারে নিত্যপণ্যের ওপর চাপ কমবে। এতে দামও প্রায় ১০ শতাংশ কমে আসতে পারে।