ঢাকার তুরাগ নদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলটি ও নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে মিছিল করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। রাজধানীসহ নানা জায়গায় অনেকে গ্রেপ্তারও হন।

এরপর আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে দাবি করা হয়, মিছিল থেকে আটকের পর সাতজনকে হত্যা করে লাশ তুরাগে ফেলে দেওয়া হয়েছে।

সেই খবর নাকচ করে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে অপপ্রচারকারীদের হুঁশিয়ার করা হয়েছে। এতে বলা হয়, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্টের চেষ্টা করছে। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ তৎপর। প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।