গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হেরেছে নরওয়ে। হারের পর আলোচনায় উঠে আসে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত।

এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কোচ স্টালে সোলবাকেন। তবে কোচের পাশে দাঁড়িয়েছেন আর্লিং হালান্ড। তিনি বলেছেন, খেললেও ম্যাচের ফল বদলাত না।

হালান্ড জানান, এই সিদ্ধান্ত নকআউট পর্বের জন্য নরওয়েকে আরও শক্তিশালী অবস্থানে রেখেছে।

বোস্টনের স্টেডিয়ামে হালান্ড ও মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের না দেখে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। গ্যালারি থেকে ‘উই ওয়ান্ট হালান্ড’ স্লোগান ওঠে।

ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘ফ্রান্সের শক্তির কাছে এমনিতেও হেরে যেতাম। ম্যাচের আগেই বলেছিলাম, এই ম্যাচের ফল নিয়ে চিন্তিত নই। ফ্রান্স স্পষ্টভাবেই সেরা দল, তাদের প্রতিটি পজিশনে বিশ্বমানের খেলোয়াড় আছে।’

কোচ সোলবাকেন স্কোয়াড রোটেশনকে ‘সহজ সিদ্ধান্ত’ বলেছেন। সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের লড়াইয়ের পর মূল খেলোয়াড়রা ক্লান্ত ছিলেন। নকআউটের জন্য তাদের চাঙ্গা রাখাই ছিল লক্ষ্য।

গ্রুপ রানার্স-আপ হয়ে রাউন্ড অব ৩২-এ নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট।