সংসদে আবারও আলোচনায় মাদক, প্রশাসনিক ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, দেশের সবচেয়ে বড় মাদক চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়েই প্রবেশ করে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মাদক। আগে শুনতাম বদী, এখন তো বদী নাই। বদী ভয় পেয়ে গেছে। এখন ওই এলাকার দায়িত্বটা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশের লোকজন তো চেনার কথা। এত দিনে ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে সব কিছু হয় না, আইন কার্যকর করতে সৎ সাহস ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
নিজ এলাকার একটি হাসপাতালের চিত্র তুলে তিনি বলেন, হাসপাতালটি এখন কার্যত অচল। চিকিৎসাসেবা না থাকায় সেটি মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে।
সংসদ সদস্যদের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে বলেন, কেউ ওয়াশিং মেশিন চেয়েছেন; এ ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।