উরুগুয়ে ও সৌদি আরবের বিদায়ে নকআউট নিশ্চিত করেছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ে।
৪৮ দলের বিশ্বকাপে এখন চলছে গ্রুপপর্বের শেষ রাউন্ড। ৮টি গ্রুপের খেলা শেষ, বাকি ৪ গ্রুপের লড়াই।
শনিবার সকালে ‘এইচ’ গ্রুপের খেলা শেষে স্পেন চ্যাম্পিয়ন ও কেপ ভার্দে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে। স্পেনের কাছে হেরে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে সৌদি আরব ছিটকে গেছে।
‘এইচ’ গ্রুপের ম্যাচ শেষে ন্যূনতম ৪ পয়েন্ট পাওয়া ৫ দেশ রাউন্ড অব থার্টি টুতে পা রাখল। প্যারাগুয়ে নিজেদের তিন ম্যাচ খেলে ডি গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। তাদের সঙ্গে গোলশূন্য ড্র করে সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আগেই শেষ ৩২-এ উঠেছে। ওই গ্রুপের শীর্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের এক ম্যাচ করে বাকি। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে তাদের পয়েন্ট ৪। ন্যূনতম ড্র করলেই তারা গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্সআপ হতে পারে। হারলেও নকআউট থেকে বাদ পড়ার শঙ্কা নেই রোনালদো-কেইনদের।
৩ বা এর কম পয়েন্ট নিয়ে এখনো অপেক্ষায় আছে দক্ষিণ কোরিয়া (গ্রুপ এ), স্কটল্যান্ড (গ্রুপ সি) ও সেনেগাল (গ্রুপ আই)। ৩ পয়েন্ট নিয়েই কেপ ভার্দে রানার্সআপ হয়ে প্রথমবার বিশ্বকাপে এসে নকআউটে উঠেছে।