রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুনে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে এলিফ্যান্ট রোডের আল বারাকা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৩টা ৮ মিনিটে ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনের ১০ ও ১১ তলায় হঠাৎ আগুন লেগে ধোঁয়ায় আহত হন তারা। দগ্ধ অবস্থায় জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আবদুস সালাম বগুড়ার কাহালু থানার বড় ভাদাহার গ্রামের সেলিম সরকারের ছেলে। তিনি আল বারাকা টাওয়ারের ১১ তলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক ছিলেন।

জনি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।