কন্নড় অভিনেত্রী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে ব্যবসায়ী বৈশাখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনাস্থলে সুইসাইড নোট মেলেনি। রহস্য আরও ঘনীভূত হয়েছে কারণ ঘটনার সময় ফ্ল্যাটে ছিলেন না অভিনেত্রী নিজেই।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে আটটার দিকে রাজারাজেশ্বরী নগরের ওই ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গত এক সপ্তাহ ধরে বৈশাখ সেখানেই অবস্থান করছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, বৈশাখ দীর্ঘদিন বিষণ্নতায় ভুগছিলেন। দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সঙ্গেও আলাদা থাকছিলেন এক মাস ধরে।

চমকপ্রদ তথ্য হলো, বৈশাখ এর আগে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। আইনজীবী অরবিন্দ রেড্ডিকে ৬-৭ কোটি রুপি দাবি করে চিঠি পাঠানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এক নারীকে কেন্দ্র করে বিরোধ থেকেই সেই হুমকি— দাবি তদন্তকারীদের। যদিও পরে তিনি জামিন পান এবং গত ফেব্রুয়ারিতে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দেন।

বৈশাখের পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। রাজারাজেশ্বরী নগর থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৃত্যুটা আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য— উত্তর মিলবে তদন্ত শেষেই।