দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের সঙ্গে কালিয়াকৈর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলার  অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় কালিয়াকৈর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক, বেসরকারি কিন্ডারগার্টেনের মালিক, প্রতিষ্ঠাতা, পরিচালক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষা খাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা শিক্ষা পরিবারের আহ্বায়ক মোঃ মোকলেসুর রহমান মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, দেওয়ান জসিমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলার প্রায় ২৫০টি বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অনেক প্রতিষ্ঠানের নিবন্ধন ও স্বীকৃতি প্রক্রিয়া ঝুলে থাকায় শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে।

দ্রুত নিবন্ধন ও স্বীকৃতির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষকদের সম্মানী ভাতা ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ অবকাঠামো নিশ্চিত করার বিষয়ও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন,আপনারা ব্যবসায়ী নন, আপনারা জাতি গড়ার কারিগর। কালিয়াকৈরের এক লাখের বেশি শিশুর শিক্ষার ভিত্তি আপনাদের হাতে গড়ে উঠছে। মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব।

তিনি আরও বলেন, শিক্ষা পরিবারের উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে,  বিশেষ করে নিবন্ধন জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন  শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মোঃ মোকলেসুর রহমান মাস্টার বলেল,করোনাকালেও আমরা ঋণ নিয়ে শিক্ষকদের বেতন দিয়েছি। কারণ শিক্ষা বন্ধ হলে জাতির অগ্রযাত্রা থেমে যাবে। সংসদ সদস্য মহোদয় আমাদের পাশে থাকলে কালিয়াকৈরকে শিক্ষার রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।