শুধু আইন প্রয়োগ করে মাদকের অপব্যবহার ও পাচার মোকাবিলা সম্ভব নয়, সমাজের সবার অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু ব্যক্তির জীবন নয়, পরিবার, সমাজ ও অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন। এটি মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
তিনি বলেন, উদ্বেগের বিষয় হলো মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থায় তারা তরুণদের টার্গেট করছে। এ বাস্তবতায় আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। চাহিদা কমাতে পারলে উৎপাদন এমনিতেই কমে আসবে।
তিনি জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে বিলবোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রের মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।