বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে জাদুঘরে যান তিনি। জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং ঘুরিয়ে দেখান। এ সময় সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
পরিদর্শন শেষে জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন।
এর আগে সকাল সোয়া ৯টায় তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে গ্রেট হল অব দ্য পিপলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর একই স্থানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে চীনে গেছেন প্রধানমন্ত্রী। ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তাঁর প্রথম বিদেশ সফর শুরু হয়। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬-এ যোগ দিতে দালিয়ানে যান। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।
বৃহস্পতিবার গ্রেট হলে লালগালিচা সংবর্ধনা দিয়ে তাঁকে স্বাগত জানান লি কিয়াং। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের আজ স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।