ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী ২৮ জুন শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ৫৪টি স্থায়ী ও ১,৮৫১টি অস্থায়ী মিলিয়ে মোট ১,৯০৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।
প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট ৩,৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। মাঠপর্যায়ে তদারকির জন্য থাকবেন ১৮৩ জন প্রথম সারির ও ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার।
কর্মশালায় জানানো হয়, রোববার দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকার শিশুদের জন্য ডিএনসিসি চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চারদিন মোবাইল সেবার মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চারদিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো যাবে।