পবিত্র আশুরা আজ। সত্য ও ন্যায়ের জন্য কারবালার শহীদদের আত্মত্যাগের স্মরণে মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হচ্ছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে শহীদ হন। অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রতীক হিসেবে এই ঘটনা মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

শিয়া সম্প্রদায়ের উদ্যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ তাজিয়া মিছিল ও অন্যান্য কর্মসূচি পালিত হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে।