গত বুধবার এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ছে মৃতের সংখ্যা।

দুর্গতদের জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এক্সে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লেখেন, এই অর্থ বিশ্বস্ত অংশীদার সংস্থাগুলোর মাধ্যমে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, সুরক্ষাসহ জীবনরক্ষাকারী সহায়তা হিসেবে পৌঁছে দেওয়া হবে। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলেও উল্লেখ করেন তিনি।

বিবিসির খবর অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। কেন্দ্র ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এটি ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প।

ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইউএসজিএসের আশঙ্কা, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।