চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার, ২৫ জুন স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান লি কিয়াং। লালগালিচা সংবর্ধনা, জাতীয় সংগীত, তোপধ্বনি ও সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।
এদিন চীনা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দেন।
শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি রয়েছে। ওই দিনই ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।
এর আগে বুধবার দালিয়ানে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলন শেষে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছান তারেক রহমান। দালিয়ান সম্মেলনে ৯০টি দেশের ১৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। সাইডলাইনে কাজাখস্তানসহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করেন তিনি।