দেশে মাদক সংক্রান্ত প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন থাকায় বিচারপ্রক্রিয়া দীর্ঘ হচ্ছে এবং এর ফলে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে কার্যকরভাবে লড়াই করা যাচ্ছে না। মাদক শনাক্তে পর্যাপ্ত পরীক্ষাগার নেই, অভিযানে যাওয়া পরিদর্শকদের কাছে অস্ত্র নেই।

তিনি জানান, মাদক মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিল আগামী কয়েক দিনের মধ্যে সংসদে তোলা হবে।

অনলাইনে মাদক কেনাবেচা ও মানি লন্ডারিং মোকাবিলায় সংশ্লিষ্ট আইনও আধুনিকায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।