টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফিফা। নকআউট পর্ব শুরুর আগেই নতুন নিয়ম চালু হতে পারে।

বর্তমানে টাইব্রেকারের আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে ঠিক হয় কোন দল আগে শট নেবে, দ্বিতীয় টসে নির্ধারিত হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার হবে।

ফিফার প্রস্তাবে দুটি টসের বদলে থাকবে একটি টস। টসজয়ী দল দুটি সুবিধার যেকোনো একটি বেছে নেবে—হয় আগে শট নেওয়া, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে শট নেওয়ার সুযোগ। বাকি সুবিধা পাবে টসে হারা দল।

ফিফার মতে, বর্তমান নিয়মে একটি দল দুই টসেই হারতে পারে। এতে তারা আগে শট নেওয়া ও সমর্থকদের সামনে শট নেওয়ার সুবিধা দুটো থেকেই বঞ্চিত হয়। এতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হতে পারে।

এ নিয়ে আইএফএবির সঙ্গে আলোচনা করেছে ফিফা। সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।