মঞ্চে হাঁটতে কষ্ট হলেও হাসিমুখে পদ্মভূষণ গ্রহণ করেছেন ভারতীয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক।
সোমবার (২৩ জুন) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নেন তিনি। মঞ্চে ওঠার সময় অন্যদের সহায়তা নিতে হয় তাকে। এ দৃশ্য ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অলকা জানান, গত দুই বছর ধরে অসুস্থতার কারণে আড়ালে ছিলেন। ভক্তদের ভালোবাসা ও প্রার্থনা তাকে শক্তি জুগিয়েছে।
তিনি লেখেন, ‘এই সম্মান শুধু আমার নয়, শ্রোতাদের ভালোবাসারই প্রতিফলন।’ ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন বলেও জানান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান অলকা।
উল্লেখ্য, ২০২৪ সালে ভাইরাল সংক্রমণজনিত সেন্সরিনিউরাল শ্রবণশক্তি হ্রাসের কথা প্রকাশ করেন তিনি। এতে তার শ্রবণক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।