রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ কোটি টাকার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।
বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
স্বরাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন পর্যন্ত এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এই তহবিল ইউনিসেফ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং পানি-স্যানিটেশন খাতে ব্যয় করবে।
চুক্তিটি অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে এ সংকটে অস্ট্রেলিয়া মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিয়েছে।