আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অর্থমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্রয়ক্ষমতা সুরক্ষায় মুদ্রানীতি-রাজস্বনীতির সমন্বয়, রিজার্ভ শক্তিশালীকরণ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সামাজিক সুরক্ষায় ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ফ্যামিলি কার্ডে ৪১ লাখ নারীকে মাসে ২,৫০০ টাকা এবং কৃষক কার্ডে ৪২.৫ লাখ কৃষককে সহায়তা দেওয়া হবে।

খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। ওএমএসে ৩০ টাকায় চাল বিক্রি চলছে। খাদ্যশস্য মজুত ২৪.৫০ লাখ মে. টনে উন্নীত করা হবে।

উত্তরাঞ্চলের উন্নয়নে ভৌত অবকাঠামো খাতে ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কৃষিভিত্তিক শিল্প, কোল্ড-চেইন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।