চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের সিঁড়ি সংস্কার, মন্দির উন্নয়ন ও আশপাশের অবকাঠামো বাড়াতে দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৪ জুন) সচিবালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

স্রাইন কমিটির নেতারা জানান, প্রতি বছর দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত চন্দ্রনাথ ধামে আসেন। অবকাঠামো ও যোগাযোগ সুবিধার অভাবে তারা ভোগান্তিতে পড়েন।
মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের উন্নয়ন পর্যটন, স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ।
বৈঠকে স্থানীয় সরকার সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।