টানা তিনদিন মৃত্যুশূন্য থাকার পর দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৮ জন। শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৪। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন।

২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়; পরীক্ষা করা হয় ৯ হাজার ২৭৯টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ, আরেকজন নারী। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।