জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।

বুধবার (২৪ জুন) স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

স্পিকার বলেন, গত দুই দশকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিস্তার লাভ করেছে। তিনি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেক্ট্রনিক পণ্যে শুল্কমুক্ত আমদানির সুযোগ দিয়ে বাংলাদেশে ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রি স্থাপনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চান। একই সঙ্গে ভোলায় গ্যাস উত্তোলন ও ইউরিয়া সার কারখানা নির্মাণেও সহায়তা চান।

রাষ্ট্রদূত কিম জি-জুন স্যামসাংসহ কোরিয়ান কোম্পানিগুলোকে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান এবং ন্যাশনাল ইকুয়েপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নে সহযোগিতা চান।

স্পিকার কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে সহযোগিতার জন্য কোরিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।