বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার অনন্য কীর্তি গড়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলেন পর্তুগিজ এই মহাতারকা।
যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ ‘কে’-এর ম্যাচে ৬ মিনিটেই জোয়াও ক্যানসেলোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলেই গড়ে ওঠে ইতিহাস—ফুটবল বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম খেলোয়াড় এখন তিনি।
৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। একটুর জন্য হ্যাটট্রিক হাতছাড়া হলেও এই জোড়া গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় পর্তুগাল।
লিওনেল মেসি ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে গোল করলেও ২০১০ সালে গোল পাননি। ফলে ছয়টি ভিন্ন আসরে গোল করার নজির গড়তে পারেননি তিনি। সেই রেকর্ডই এককভাবে নিজের করে নিলেন রোনালদো।
এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইউসেবিওকেও ছাড়িয়ে গেছেন রোনালদো। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১০, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
ম্যাচের আগে রোনালদোর ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও মাঠের পারফরম্যান্সে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ৪১ বছর বয়সেও গোল করার ক্ষুধা এবং ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা আবারও প্রমাণ করলেন সিআরসেভেন।
প্রথমার্ধ শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্বের পথে বড় সুবিধা নিয়েছে পর্তুগাল।