উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দশম গোল করে পর্তুগিজ গ্রেট ইউসেবিওকে ছাড়িয়ে গেলেন তিনি।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার ইরানের বিপক্ষে একটি গোল করেন। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল রোনালদোর জন্য স্মরণীয়। সেবার স্পেনের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম ও একমাত্র হ্যাটট্রিক করেন। পুরো আসরে করেছিলেন চারটি গোল। কাতার বিশ্বকাপে তার পা থেকে এসেছে মাত্র একটি গোল।
আগের পাঁচটি বিশ্বকাপে আট গোল করা রোনালদো এবারের আসরে উজবেকিস্তানের বিপক্ষে ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে জাল কাঁপিয়ে ইউসেবিওর পাশে বসেন। এরপর ৩৮ মিনিটে দারুণ ফিনিশিংয়ে উজবেকিস্তানের জালে বল পাঠিয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হন তিনি।
৬ মিনিটের গোলে ৪১ বছর ১৩৮ দিন বয়সী রোনালদো বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হলেন। ১৯৯৪ সালে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করা ক্যামেরুনের রজার মিলা তার ওপরে। তবে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে কোনো বড় টুর্নামেন্টে সবচেয়ে বয়স্ক ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে গোলের কীর্তি এখন রোনালদোর।
ইউরো ও বিশ্বকাপ মিলে রোনালদো ১১টি ভিন্ন মেজর টুর্নামেন্টে গোল করলেন। অন্য যে কোনো ইউরোপিয়ান খেলোয়াড়ের চেয়ে বেশি। জুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা ও জারদান শাকিরি ছয়টি আসরে গোল করেছেন।