যুক্তরাষ্ট্রের ডালাসের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওর সেই তরুণ অন্য কেউ নন, শাকিরার নিজের ছেলে।
দুই ছেলে সাশা ও মিলানকে নিয়ে ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে ছিলেন কলম্বিয়ার এই পপ তারকা। খেলার একপর্যায়ে লাইভ সম্প্রচারের ক্যামেরা শাকিরার দিকে ঘুরে গেলে দেখা যায়, তার এক ছেলে মায়ের গালে চুমু দিচ্ছে। মুহূর্তটি সম্প্রচারে ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শাকিরার দুই সন্তান সম্পর্কে অবগত নন এমন অনেকেই ধারণা করেন, ওই তরুণ হয়তো তার নতুন কোনো সঙ্গী। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়।
পরে বিষয়টি স্পষ্ট হলে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি শাকিরার ছেলে। এতে ভুল ধারণার অবসান ঘটে এবং মা-ছেলের স্নেহময় মুহূর্তের প্রশংসা করেন অনেকে।
ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। এ সময় দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন তিনি।
উল্লেখ্য, সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে দুই সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন এবং সংগীতজীবন নিয়ে ব্যস্ত আছেন।