আলজেরিয়ার পর অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এর মধ্যেই অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন হুলিয়ান আলভারেজ।

‘জে’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, ‘আমি ক্লাবের মানুষদের সঙ্গে কথা বলেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের প্রত্যেকেই আমার স্বপ্ন পূরণের স্বার্থে দলবদলের সিদ্ধান্তকে সেরা বলে উল্লেখ করেছেন।’

বিশ্বকাপের মাঝে দলবদল নিয়ে কথা বলাটা অদ্ভুত মনে হলেও বিষয়টি গোপন রাখতে চান না আলভারেজ। তিনি বলেন, ‘এটা বিষয়টি নিয়ে কথা বলার সময় নয়, কিন্তু আমি গোপনও করতে পারছি না। আমি সৎ থাকার চেষ্টা করছি।’

কয়েক সপ্তাহ আগে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল, আলভারেজের জন্য রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাতলেটিকো। বার্সেলোনা ও পিএসজিও এই আর্জেন্টাইনকে দলে নিতে আগ্রহী। তবে রিয়ালের প্রস্তাবের অঙ্ক সবচেয়ে আকর্ষণীয় বলে খবর।

আলভারেজ নিজে পরবর্তী গন্তব্য জানাননি। তবে দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইটে লিখেছেন, ‘হুলিয়ান বার্সেলোনায় যোগদানে সম্মতি দিয়েছেন এবং তিনি ক্লাব ছাড়তে চান। এখন বিষয়টি ক্লাবের ওপর নির্ভর করছে।’

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দায়ারিও এএস’কে অ্যাতলেটিকো জানিয়েছে, বার্সেলোনায় আলভারেজের যাওয়ার তথ্য নিশ্চিত নয়। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘এখনও বার্সেলোনা থেকে কত টাকার অঙ্কে আলভারেজকে নেওয়া হবে তা জানায়নি। রিলিজ ক্লজের ৫০০ মিলিয়ন ডলার না দিলে কোনো চুক্তি হবে না।’