চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে মুচলেকায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট কিছু অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ এবং তার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করে দেখা হবে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে সজীবকে ছেড়ে দেওয়া হয়। এর আগে বিকেলে তাকে আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে।
গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশ সজীবকে আটক করে। পরে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।