কাতারের শিল্পশহর রাস লাফফানে বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন।
রোববার সন্ধ্যায় রাস লাফফানের ওই গ্যাস কারখানায় বিস্ফোরণ ঘটে। সোমবার আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ও এএফপির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে।
দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পশহর। দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এখানে অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও একটি এলএনজি প্রস্তুতকারী কারখানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা ভবন থেকে বড় কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, আগুনের লেলিহান শিখা ২০ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। বিস্ফোরণের শব্দ এত প্রকট ছিল যে রাজধানী দোহায়ও তা শোনা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার ভেতরে নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল। রোববার প্ল্যান্টের কাজ শুরুর পরপরই বিস্ফোরণ ঘটে।
কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ।