মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

একান্ত বৈঠক শেষে দুই দেশের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।

এ সময় মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।